রাজিবের বিচার হয়নি, আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্ঠি উদ্ধারে: শিহাব শাহীন
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে। এ বিয়ের পরপরই অভিনেত্রীর সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে তার কিছু আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেই বিতর্কের জেরে শেষে অপূর্ব-প্রভার সংসার ভেঙে যায়।
সেই ভিডিও ফাঁসের ঘটনায় বছর তিনেক আগে সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রভা জানিয়েছিলেন— নানা কৌশলে তাকে দিয়ে ভিডিওগুলো করাত রাজিব। তিনি ভিডিওগুলো দেখতে চাইলে রাজিব বলে— 'তুমি কি পাগল, তুমি আমার বউ হবা— এ জন্য আমি সবকিছু ডিলিট করে দিছি। আসলে তো ডিলিট করে নাই।'
পরবর্তী সময়ে অপূর্বকে বিয়ে করায় রাজিব ছড়িয়ে দেন নেটদুনিয়ায়। শেষে অপূর্বর সঙ্গে সংসার করা হয় না প্রভার। ভেঙে যায় সংসার। এবার সেই ভিডিও ফাঁসের ঘটনায় সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন ঢালিউড নির্মাতা শিহাব শাহীন।
শুক্রবার (১৯ জুন) রাজিব ও প্রভার বাগদানের একটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন এ নির্মাতা। সেই পোস্টে শিহাব শাহীন লিখেছেন— টাইমলাইনে ছবিটা এলো তাই ভাবলাম বলি— ঘটনাটার পরপরই ছেলেটার সঙ্গে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম— তুমি কীভাবে এ কাজটি করলা? যাকে ভালোবাসো কীভাবে তার এত বড় ক্ষতি করলা? ইনিয়ে-বিনিয়ে অনেক কথা বলেছিল সে। পরে প্রমাণ হয়েছে সব মিথ্যা।
ভিডিও ফাঁসে এত বড় অপরাধ করায় রাজিবের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল বলে জানিয়েছেন শিহাব শাহীন। তিনি বলেন, এত বড় একটা অপরাধ অথচ তার কিছুই হয়নি। এ নির্মাতা বলেন, তার গ্রেফতার হওয়ার কথা— হয়নি। বিচার হওয়ার কথা— হয়নি। জেলে থাকার কথা— কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্ঠি উদ্ধারে।

